শব্দ আসছেনা - লেখা আসছেনা - শব্দরা শুধু ক্লান্ত করে ফেলে রেখে যাচ্ছে । তারচেয়ে এই নীরবতাই ভালো । নীরবতা আমাকে জয় করে নিক - একলা বসিয়ে রেখে কাঁদাক - আরো গলিয়ে গলিয়ে জল করে দিক আমার চারপাশ যা জমাট কঠিন হয়ে আছে কাল রাত থেকে - নাকি কাল রাতের কোনো শেষ-ই খুঁজে পাইনি এখনো । এখন কোনো শব্দ না আসুক - কুচি কুচি করে কেটে ফেলি এই জমাট কঠিন চারপাশ । একটু ধংস হোক শব্দরা - কাঁদুক - কাঁদতে কাঁদতে ছিড়ে-খুঁড়ে যাক - জ্বলে-পুড়ে যাক । এত কথা আর বহন করতে পারছেনা আমার কোনরকম জেগে থাকা বা বেঁচে থাকারা । একটু মৃত্যু আসুক - একটু স্তব্ধতা নামুক - হিম হিম কান্নার গলে গিয়ে মুছে যাক - তারপর অন্ধকারে দুচোখ বন্ধ হয়ে আসুক - এই আলো এই আলোকযন্ত্রনা শেষ হোক এবার । আলোকের এই ঝরনাধারা শুকিয়ে যাক এবার - নেমে আসুক তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা যা ভোঁতা করে দেয় অঙ্গহানির বিভীষিকা । মাতৃজঠরের মত কালো কালো কুলুকুলু ধ্বনি শুধু থাকুক - আর বাকি সব জ্বলে যাক - ঝরে যাক - মুছে যাক । এই বেঁচে থাকা - এই আলো থাকা - এই ভালো থাকা - নিভে যাক - মরে যাক -
No comments:
Post a Comment